সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
Monday, 09 November, 2026
রয়টার্সের প্রতিবেদন

শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন

রয়টার্স নয়াদিল্লি, সূত্র: প্রথম আলো
  09 Nov 2026, 15:11
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাইল ছবি: রয়টার্স

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়েছেন। আজ সোমবার তিনি ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এ–সংক্রান্ত আবেদন করেছেন। রয়টার্সের হাতে আসা একটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
ছাত্র–জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে যাওয়ার পর এই প্রথম এ ধরনের আবেদন করলেন শেখ হাসিনা।
ভারতে স্বেচ্ছানির্বাসনে থাকা শেখ হাসিনার এ পদক্ষেপকে তাঁর বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নের সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর।
দুই বছরের বেশি সময় আগে এক রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটে। এখন তাঁর দল আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ। এ পরিস্থিতিতে তাঁর দেশে ফেরার উদ্যোগ নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরি করতে পারে।
শেখ হাসিনা রয়টার্সকে বলেছেন, তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান।
আজ সোমবার শেখ হাসিনার সহযোগীরা জানিয়েছেন, বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষ হলে তাঁর দেশে ফেরার তারিখ জানানো হবে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে করা মামলায় গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা মামলার এসব অভিযোগ অস্বীকার করেছেন।
যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা শেখ হাসিনার পক্ষে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন। ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে লেখা চিঠিতে তাঁরা বলেন, সাবেক অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় তাঁরা তাঁদের মক্কেলের জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছেন।
চিঠিতে আরও বলা হয়েছে, শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির আওতায় বাংলাদেশের যে বাধ্যবাধকতা রয়েছে, তা বিবেচনায় নিয়ে তাঁর আবেদনগুলো যেন দ্রুত নিষ্পত্তি করা হয়।
এ বিষয়ে জানতে নয়াদিল্লিতে প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাঁরা তাৎক্ষণিকভাবে রয়টার্সের অনুরোধে সাড়া দেননি।
ক্ষমতাচ্যুত হওয়ার আগে আওয়ামী লীগ ছিল বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। শেখ হাসিনার পতনের পর দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। তাঁর দলের অনেক নেতা–কর্মী কারাগারে রয়েছেন। অনেকে ভারতে বা অন্য দেশে স্বেচ্ছানির্বাসনে আছেন।
বিভিন্ন মেয়াদে ২০ বছর প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ শাসন করেছেন শেখ হাসিনা। এখনো দেশের একটি অংশের মানুষের মধ্যে তাঁর সমর্থন রয়েছে। দুই বছরের বেশি সময় ধরে চলা অস্থিরতার পর বাংলাদেশের বর্তমান সরকার যখন দেশে স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা করছে, তখন শেখ হাসিনার প্রত্যাবর্তন রাজনৈতিক বিভাজন আরও বাড়িয়ে দিতে পারে।
অন্যদিকে শেখ হাসিনার দেশে ফেরার উদ্যোগে বাংলাদেশের সঙ্গে ভারতের টানাপোড়েনপূর্ণ সম্পর্কের উন্নতি হতে পারে। তাঁকে আশ্রয় দেওয়ার পর নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কে বড় ধরনের অবনতি ঘটেছিল।

Comments

  • Latest
  • Popular

শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন

১

কপ৩১ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী কাল তুরস্ক যাচ্ছেন

২

নতুন পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী

৩

জিয়াউর রহমানই ৭ই নভেম্বর এদেশের অরক্ষিত স্বাধীনতাকে রক্ষা করেছিলেন : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

বাংলাদেশ কো-অপারেটিভ জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ

৫

৭ নভেম্বর: যে বিপ্লব বদলে দিয়েছিল বাংলাদেশের ইতিহাস

৬

আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী

৭

ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী

৮

আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী

৯

জাপান সফরের পর রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

১০
জিয়াউর রহমানই ৭ই নভেম্বর এদেশের অরক্ষিত স্বাধীনতাকে রক্ষা করেছিলেন : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে
৭ নভেম্বর: যে বিপ্লব বদলে দিয়েছিল বাংলাদেশের ইতিহাস
জি এম রাজিব হোসেন  ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এক অনন্য তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী
ঢাকা, ৭ নভেম্বর, ২০২৬ (বাসস): প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘ভবিষ্যতে কেউ যেন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও
ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
বাগেরহাট, ৫ নভেম্বর, ২০২৬ (বাসস): প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের শিল্পকারখানায় হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলা