
আইনজীবী হিসেবে পেশাগত সাফল্যের পাশাপাশি ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও আইনের শাসনের প্রতি দায়বদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটির আইন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক কাজী লতিফুর রেজা। তিনি বলেছেন, আইনজীবী হওয়া গৌরবের অর্জন, তবে ন্যায়বিচারের প্রতি অবিচল থাকাই একজন আইনজীবীর প্রকৃত দায়িত্ব।
শনিবার বাংলাদেশ ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে আয়োজিত ‘Advocate Felicitation Program 2026’-এ স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের বেজমেন্ট হল রুম-২-এ অনুষ্ঠিত এ আয়োজনে ২০২৬ সালে বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষা ও হাইকোর্ট এনরোলমেন্ট পরীক্ষায় সফল হয়ে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক সাবেক শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম। সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
স্বাগত বক্তব্যে কাজী লতিফুর রেজা নবীন আইনজীবীদের নিয়মিত জ্ঞানচর্চা, পেশাগত দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, “আপনারা শুধু বাংলাদেশ ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী নন, পেশাগত জীবনে আপনারাই এই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি।”
প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম নবীন আইনজীবীদের সততা, নিষ্ঠা, নৈতিকতা ও নিয়মিত জ্ঞানচর্চার ওপর গুরুত্ব দেন। তিনি ধৈর্য ও অধ্যবসায়ের সঙ্গে পেশাগত জীবনে এগিয়ে গিয়ে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম সংবর্ধিত আইনজীবীদের অভিনন্দন জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের পেশাগত সাফল্য বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। একই সঙ্গে তিনি আইন বিভাগের অ্যালামনাইদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে আইন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই ও সংবর্ধিত নবীন আইনজীবীরা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. আতীকুস সামাদ, সৈয়দ নজরুল ইসলাম ও ব্যারিস্টার মো. মাহফুজুর রহমান মিলন। তাঁদেরও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
এ ছাড়া ঢাকা বার অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ইউনিভার্সিটি ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সৈয়দ সারোয়ার আলম নিশানকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইন বিভাগের প্রভাষক ও কো-অর্ডিনেটর মো. রাজিউল আলিম।
Comments