বুধবার, ০৩ জুন, ২০২৬
Wednesday, 03 June, 2026

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

প্রথম আলো
  03 Jun 2026, 12:16
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর বক্তব্য দিচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে।ছবি: জাতিসংঘের ওয়েবসাইট থেকে নেওয়া

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে ৮ ভোটে পরাজিত করে তিনি এক বছরের জন্য এই পদে নির্বাচিত হয়েছেন।
এ জয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীন, ভারত ও পাকিস্তানও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে।
আজ নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ১০টায় জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতিনিধিরা গোপন ব্যালটের মাধ্যমে দুই প্রার্থীকে ভোট দেন। নির্বাচনে মোট ভোট পড়েছে ১৯০টি। খলিলুর রহমান ৯৯ ভোট আর আন্দ্রেয়াস এস কাকোরিস পেয়েছেন ৯১ ভোট।
আগামী ৮ সেপ্টেম্বর এই অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। ওই অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি পদে নির্বাচনে ভোট গ্রহণে সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেস উপস্থিত ছিলেন। আজ মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে।ছবি: জাতিসংঘের ওয়েবসাইট থেকে নেওয়া
এই বিজয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সদস্যদেশগুলোর আস্থা, গ্রহণযোগ্যতা ও ক্রমবর্ধমান কূটনৈতিক প্রভাবের সুস্পষ্ট প্রতিফলন ঘটেছে বলে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এ নির্বাচনে জয়ের মধ্য দিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির আসনে দ্বিতীয়বারের মতো বসছেন বাংলাদেশের প্রতিনিধি। ৪০ বছর আগে অর্থাৎ ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী। রাজনীতিতে যোগদানের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের ফাঁকে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন তিনি। পরে জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী।
সাবেক পেশাদার কূটনীতিক খলিলুর রহমান কর্মজীবনের বড় অংশজুড়ে জেনেভা ও নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বিভিন্ন সংস্থায় দায়িত্ব পালন করেছেন। ১৯৯১ সালে জেনেভায় জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের (আঙ্কটাড) বিশেষ উপদেষ্টা হিসেবে যোগ দেন খলিলুর রহমান। এরপর ২৫ বছর নিউইয়র্ক ও জেনেভায় জাতিসংঘের বিভিন্ন জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করেন তিনি; ছিলেন জাতিসংঘের বিভিন্ন প্রকাশনার প্রধান লেখক।
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচনের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের কূটনীতিকেরা জানিয়েছেন, ‘রেসিপ্রোকাল সাপোর্ট অ্যারেঞ্জমেন্ট’ বা আরএসএর (একে অপরকে ভোট প্রদানের জন্য পারস্পরিক সহযোগিতামূলক চুক্তি) মাধ্যমে এবার ভোটের ফলাফল নির্ধারিত হয়েছে। এই পারস্পরিক প্রতিশ্রুতি আদায়ে বাংলাদেশ এগিয়ে থাকায় মাত্র তিন মাসের প্রচারের পরও বাংলাদেশের প্রার্থী জয়ী হয়েছেন।

ভোটে জয়ের পর বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে ঘিরে উচ্ছ্বাস। আজ মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরেছবি: জাতিসংঘের ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করে। তবে এই পদে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে দেশের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয় গত ২৭ ফেব্রুয়ারি। এর পর থেকে পূর্ণমাত্রার কূটনৈতিক প্রচার শুরু হয়। দীর্ঘমেয়াদি প্রস্তুতির সুযোগ না থাকায় এই স্বল্প সময়ের মধ্যেই বাংলাদেশ বিভিন্ন দেশের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক, দ্বিপক্ষীয় যোগাযোগ এবং বহুপক্ষীয় কূটনৈতিক ফোরামে অত্যন্ত সক্রিয় ও কৌশলগত প্রচার চালিয়ে আন্তর্জাতিক সমর্থন অর্জনে সফল হয়েছে। অপর দিকে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী সাইপ্রাস ২০১৬ সালে তাদের প্রার্থিতা ঘোষণা করে। এক দশক ধরে ধারাবাহিক প্রচার চালায় দেশটি।
এই ঐতিহাসিক বিজয় অর্জনের জন্য জাতিসংঘের সদস্যদেশগুলোর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। সেই সঙ্গে জাতিসংঘের মূলনীতি ও উদ্দেশ্য বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।
বিশ্বমঞ্চে বাংলাদেশের বিশ্বাসযোগ্যতার প্রতিফলন
এই ঐতিহাসিক বিজয় অর্জনের জন্য জাতিসংঘের সদস্যদেশগুলোর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। সেই সঙ্গে জাতিসংঘের মূলনীতি ও উদ্দেশ্য বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।
এ অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান ও বিশ্বাসযোগ্যতার প্রতিফলন বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাতে পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে দেওয়া ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বিশ্বাস করি, তিনি (খলিলুর রহমান) গর্বের সঙ্গে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন এবং বহুপাক্ষিক ও অভিন্ন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সংযোগ, সংলাপ ও সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’
ঢাকায় চীনের দূতাবাস রাতে এক ফেসবুক পোস্টে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানায়। ওই পোস্টে অভিন্ন অগ্রাধিকার ও বহুপক্ষীয় সহযোগিতা জোরদারে খলিলুর রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চীনের আগ্রহের কথা তুলে ধরা হয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার এক্সে (সাবেক টুইটার) পোস্ট দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান।

Comments

  • Latest
  • Popular

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু ৮ জুন

তোফায়েল আহমেদ আর নেই

রাশিয়ান হাউস ইন ঢাকায় রুশ ঐতিহ্য আবিষ্কার: মাতরিয়োশকা ডল পেইন্টিং মাস্টার ক্লাস অনুষ্ঠিত

জাপানের সঙ্গে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির অনুসমর্থনের প্রস্তাবে সায় মন্ত্রিসভার

“ফ্রেমস অব মেমোরি” চলচ্চিত্র উৎসবে মুগ্ধ বাংলাদেশের হাজারো শিক্ষার্থী

বাংলাদেশের পাঁচটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে চারটি সেক্টরে কর্মী নেবে কাতার

ইতিহাসের প্রতি শ্রদ্ধা জানাতে রাশিয়ান হাউসের আয়োজনে ঢাকায় চলচ্চিত্র উৎসব শুরু

ঢাকায় রাশিয়ার দূতাবাস ও রাশিয়ান হাউসের মহান বিজয় দিবসের ৮১তম বার্ষিকী উদযাপন

শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, পিঠ চাপড়ে দিলেন মোদি

১০
রোহিঙ্গাদের সমুদ্রযাত্রায় ২০২৫ ছিল সবচেয়ে প্রাণঘাতী: ইউএনএইচসিআর
আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে ২০২৫ সালে প্রায় ৯০০ রোহিঙ্গা শরণার্থী নিখোঁজ বা নিহত হয়েছেন। জাতিসংঘের
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন–সংহতির কথা জানালেন জাতিসংঘ মহাসচিব
বাংলাদেশের প্রতি জাতিসংঘের অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেস। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের
জাতিসংঘের নির্বাচনে বাংলাদেশকে সমর্থনের আশ্বাস সৌদিসহ কয়েকটি মুসলিম দেশের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে সৌদি
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি / সরে দাঁড়াল ফিলিস্তিন, বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে ফিলিস্তিন। এর ফলে আগামী জুন মাসে